

নিজস্ব প্রতিবেদক ঃ
কুড়িগ্রামের রৌমারীতে মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বন্ধন পাল (১৫) নামে এক স্কুল ছাত্র।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে নিজ বাড়ি থেকে ওই স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বন্ধন পাল রৌমারী উপজেলার কলেজ পাড়া এলাকার শ্রী শুনীল চন্দ্রের ছেলে ও স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিছুদিন ধরে বাবার কাছে মোটরসাইকেল কিনে নেয়ার বায়না ধরে বন্ধন। মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় অভিমানে সকালে বাড়ি ফাঁকা পেয়ে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে দড়ি আটকিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করে সে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাবা শুনীল চন্দ্র বলেন, আমার চার ছেলের মধ্যে বন্ধন সবার ছোট। সে কয়েকদিন আগ থেকে মোটরসাইকেল কেনার বায়না ধরে। আমি বলছি বাবা হাতে টাকা নাই, টাকা হলে কিনে দিবো। গাড়ি কিনে দিতে দেরি হওয়ায় সে আজ নিজেকে শেষ করল।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।








Leave a Reply
You must be logged in to post a comment.