

(মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়নের জগন্নাথপুর-কান্দিগাঁও হিলফুল ফুজুল ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি, বাদ জোহর থেকে মাগরিব পর্যন্ত জগন্নাথপুর-কান্দিগাঁও জামে মসজিদে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি মুশাহিদ ক্বাসেমী। অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি মাওলানা ফাহিম বিন মাশুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীবাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন, মাওলানা জয়নাল আবেদিন শাহেপুরী, ১ নং রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলু, মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আমিনুর রহমান, আব্দুল গণী, আব্দুল মালিক, মতিউর রহমান, মোহাম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-উলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সেমিনারে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন, আদর্শ, চরিত্র ও সুন্নাহর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, রাসূলুল্লাহ ﷺ-এর জীবন একজন মুসলমানের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক জীবনের জন্য পূর্ণাঙ্গ আদর্শ। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে মহানবী ﷺ-এর সীরাত ও সুন্নাহর জ্ঞান ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সেমিনারের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে সীরাতভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতার মাধ্যমে মহানবী ﷺ-এর জীবন ও আদর্শ, ইসলামী ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান ও আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে মোট ১০টি আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি সেলাই মেশিন এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি সিলিং ফ্যান প্রদান করা হয়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে তরুণ প্রজন্মের কাছে মহানবী ﷺ-এর সীরাতকে সহজ, আকর্ষণীয় ও জ্ঞানভিত্তিকভাবে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। শুধু প্রতিযোগিতা নয়, সীরাতচর্চার মাধ্যমে রাসূলুল্লাহ ﷺ-এর আদর্শ ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের অনুপ্রেরণা সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
অতিথি, আলেম-উলামা, শিক্ষার্থী ও স্থানীয় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
Comments are closed.







