

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
শ্রীমঙ্গলে থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতি কালে রিভলবার ও দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে শ্রীমঙ্গল থানা এলাকার ভানুগাছ রোডস্থ বিটিআরআই সংলগ্ন ফিনলের রাবার বাগান থেকে তাদের গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, মৌলভীবাজার জেলাধীন রাজনগর উপজেলার করিমপুর গ্রামের মনু মিয়ার ছেলে মোঃ মুন্না মিয়া (৩২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের তায়েব মিয়ার ছেলে শাহিন মিয়া, ওরফে দানা মিয়া ( ৩৭)। এ সময় পুলিশি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।
সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন, শ্রীমঙ্গল থানার এসআই আসাদুর রহমান ও এসআই সুব্রত চন্দ্র দাস। অভিযানকালে ডাকাতদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল, ১টি লোহার তৈরি ডেগার, ১টি স্টিলের করাত, ১টি স্টিলের রুল, ১টি কাঠের রুল, ১টি সাইকেলের চেইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে প্রেস ব্রিফিং করে এসব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শহীদুল হক মুন্সী।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ
মো. শামীম অর রশীদ তালুকদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির প্রমুখ।
ব্রিফিংয়ে আটককৃত ডাকাতদের দেয়া সূত্রমতে পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সী।








Leave a Reply
You must be logged in to post a comment.