

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক আকাশ আহমদ। দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। শুক্রবার (২৭ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার আদমপুর এলাকার ঘোরামারা মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আকাশ আহমদ দৈনিক দেশকাল পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।
হাসপাতালে চিকিৎসাধীন আকাশ আহমদ জানান, আদমপুর বাজার থেকে তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ঘোরামারা এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় রাস্তা দিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা আসতে দেখে হামলাকারীরা দ্রুত তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, আকাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং হামলায় তার ডান হাতের হাড় ভেঙে গেছে।
হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কমলগঞ্জ প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো। কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন বলেন, আমরা এই বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হামলাকারীদের মধ্যে দুজনকে শনাক্ত করা গেছে, যারা আকাশের নিজ এলাকার। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হাসপাতালে আহত সাংবাদিকের খোঁজ নিয়েছেন। তিনি বলেন, পুলিশ অপরাধীদের ধরতে মাঠে কাজ করছে।
ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply