

আব্দুল বাছিত খানঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার কুরমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ। এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন এবং চিকিৎসা কার্যক্রম তদারকি করেন।
মেডিকেল ক্যাম্পে বিজিবির অভিজ্ঞ চিকিৎসক দল নারী, শিশু ও বয়স্কসহ শতাধিক বন্যার্তকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন রোগের জন্য প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হওয়ার কথা জানান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে বহু পরিবার পানিবন্দি হয়ে খাদ্য ও চিকিৎসা সংকটে পড়ে। এমন দুর্যোগের সময় বিজিবির এই মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তাদের অন্যতম দায়িত্ব। মানবিক সহায়তার এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে হাজারো মানুষ দুর্ভোগের শিকার হন। ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)ও খাদ্য, চিকিৎসা ও অন্যান্য জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
Comments are closed.







