

আব্দুল বাছিত খান:
মৌলভীবাজারে জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন ধর্মীয় মূল্যবোধের বিকাশ ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত উপাসনালয় গড়ে তোলার লক্ষ্যে মৌলভীবাজারে নির্মিত জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে মঙ্গলবার ০৭ জুলাই দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের মাননীয় সংসদ সদস্য এম নাসের রহমান, বিশেষ অতিথি (গেস্ট অব অনার) হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মুমিনুল হক,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম,জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন,জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মামুন আল ফারুক,জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, এবং মডেল মসজিদ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ ফেরদৌস-উজ-জামান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মডেল মসজিদগুলো শুধু নামাজ আদায়ের স্থানই নয়, বরং এগুলোকে ইসলামিক জ্ঞানচর্চা, নৈতিক শিক্ষা এবং সামাজিক উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। তিনি আরও বলেন, সরকারের এই উদ্যোগ দেশের ধর্মীয় ও সামাজিক কাঠামোকে আরও সুদৃঢ় করবে।
বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, মডেল মসজিদগুলোতে আধুনিক সুযোগ-সুবিধা সংযোজনের মাধ্যমে মুসল্লিদের জন্য একটি আরামদায়ক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এখানে লাইব্রেরি, ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম এবং প্রশিক্ষণের সুযোগ থাকায় এটি একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স হিসেবে কাজ করবে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই মডেল মসজিদ স্থানীয় জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এটি ধর্মীয় চর্চার পাশাপাশি সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। উল্লেখ্য, সরকার সারাদেশে ধাপে ধাপে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে, যার অংশ হিসেবে মৌলভীবাজারে এই আধুনিক সুবিধাসম্পন্ন স্থাপনাটি নির্মিত হয়েছে।
Comments are closed.







