

ডেস্ক রিপোর্ট ঃ দেশে অনিবন্ধিত সঞ্চয় ও ঋণদান প্রতিষ্ঠানের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওইসব অবৈধ সুদ কারবারিদের অনিয়ম ধরা পড়লে তাদের কার্যক্রমও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার (২৭ সেপ্টেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি জাকির হোসেনের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দিয়েছেন। এর আগে সুদ কারবারিদের তালিকা প্রণয়নের নির্দেশনা চেয়ে একটি রিটের শুনানিতে প্রতারিত মানুষের অবস্থা তুলে ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ নিয়ে গত ২০ সেপ্টেম্বর হাইকোর্টের একই ভার্চুয়াল বেঞ্চে শুনানি হয়। পরে এ বিষয়ে আদেশের জন্য ২৭ সেপ্টেম্বর দিন ঠিক করেন আদালত। গত ৭ সেপ্টেম্বর সারা দেশের গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়া অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন রিট আবেদনটি দাখিল করেন। আবেদনে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বিবাদী করা হয়। ব্যারিস্টার সুমন বলেন, অনিবন্ধিতভাবে গজিয়ে ওঠা এসব সমবায় সমিতি ও সুদের কারবারি থেকে ঋণ নিয়ে সুদের বোঝা টানতে টানতে নিঃস্ব হয়ে পড়ছে। প্রশাসনের চোখের সামনেই এই সুদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই অনিবন্ধিত প্রতিষ্ঠানের নামে সুদের ব্যবসা বন্ধ হওয়া দরকার।








Leave a Reply
You must be logged in to post a comment.