

অগ্রযাত্রা সংবাদঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানে গণহত্যা চালানো হয় ১৯৭১ সালের ৩ এপ্রিল। এ বাগানের ম্যানেজার ছিলেন একজন বিহারি। ২৫ মার্চের কিছু আগে তিনি বাগান ছেড়ে চলে যান। ২৫ মার্চের পর অনেক কর্মচারীও বাগান ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। বাগানে শুধু রয়ে যান অনাহারে-অর্ধাহারে নির্জীব শ্রমিকেরা।
১৯৭১ সালের ৩ এপ্রিল দেওড়াছড়া বাগানে প্রবেশ করে পাকিস্তানি হানাদার বাহিনী। মুসলিম লীগ নেতার শাসানি আর বাগানে মিলিটারি জিপের প্রবেশে আতঙ্কিত হয়ে ওঠেন চা শ্রমিকরা। অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেন। বাগানে ঢুকেই পাকিস্তানি বাহিনী অসহায় গরিব শ্রমিকদের রেশন দেওয়ার প্রলোভন দেখিয়ে সবাইকে এক জায়গায় জমায়েত করে। সঙ্গে করে নিয়ে আসা একটি বেসামরিক বাসে শ্রমিকদের ওঠার নির্দেশ দেওয়া হয়। প্রায় ৭০ শ্রমিককে নিয়ে বাস রওনা দেয় মৌলভীবাজার শহরের দিকে। একটু সামনে এগিয়ে যাওয়ার পরই বাস একটি খাদে পড়ে যায়। শ্রমিকদের তখন বাধ্য করা হয় বাসটি টেনে তুলতে। ঘটনাস্থলেই আরেক পাকিস্তানি মেজরের আগমন ঘটে। তখন সবাইকে একটি নালার পাশে নিয়ে বিবস্ত্র করে তাদের পরিধেয় বস্ত্র দিয়ে হাত-পা বেঁধে ফেলা হয়। তারপর শুরু করে নির্বিচারে গুলিবর্ষণ। স্থানীয় দালালরা সক্রিয় ছিল এ হত্যাকাণ্ডে। তারাই পরে শ্রমিক ঝুপড়িগুলোতে লুটপাট চালায়। নারী নির্যাতনের ঘটনাও ঘটে এই বাগানে।\হওইদিন মোহিনী গোয়ালা, রবি গোয়ালা, মহেশ কানু, নারাইল কুর্মীসহ ১২ জন সৌভাগ্যক্রমে বেঁচে যান। তাদের মাধ্যমেই জানা যায় এই নির্মম হত্যাকাণ্ডের খবর।
এই স্থানটি সরকার কিংবা চা বাগান কর্তৃপক্ষ সংরক্ষণের জন্য কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় স্থানটি বিরানভূমিতে পরিণত হয়েছিল। বিষয়টি নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রপত্রিকায় অসংখ্য লেখালেখি হওয়ার পর ২০১৪ সালের ডিসেম্বর মাসে ১ নম্বর রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুলের হস্তক্ষেপে ও দেওড়াছড়া চা বাগান কর্তৃপক্ষের সহযোগিতায় বধ্যভূমির স্থান চিহ্নিত করে চা শ্রমিকদের গৌরবগাথা সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়।
এব্যপারে ১নং রহিমপুর ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল জানান, ইতিমধ্যে এলজিএসপির আওতায় বধ্যভূমি এলাকাটি সংরক্ষণের জন্য বাউন্ডারি দেয়ালের কাজ করা হয়েছে, বাকি উন্নয়ন মুলক কাজের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। বাকি কাজ সম্পন্ন হলে এলাকায় পর্যটক বাড়বে এলাকার উন্নয়ন সাধিত হবে।








Leave a Reply
You must be logged in to post a comment.