

আব্দুল বাছিত খানঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পপি বেগম জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার মানুষের নানা সমস্যা সমাধানে তিনি কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পাওয়ার ক্ষেত্রে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন পপি বেগম। এ ছাড়া এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়গুলো তুলে ধরেছেন। স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিরোধ ও পারিবারিক সমস্যার সমাধানে গ্রাম্য সালিশ-বৈঠকেও তিনি ভূমিকা রাখছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, জনপ্রতিনিধি হিসেবে পপি বেগম সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন এবং তাঁদের সমস্যাগুলো শোনার চেষ্টা করেন। বিশেষ করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি বিভিন্ন ভাতা পেতে সহযোগিতা করায় তাঁর প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে।
স্থানীয় ভোটারদের ভাষ্য, এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে পপি বেগমের প্রতি তাঁদের আন্তরিকতা রয়েছে। আগামী নির্বাচনেও তাঁরা তাঁকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন কয়েকজন ভোটার।
পপি বেগম বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাঁদের সেবা করাই আমার দায়িত্ব। এলাকার মানুষের প্রয়োজন ও সমস্যাগুলো চিহ্নিত করে সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
স্থানীয়দের প্রত্যাশা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে পপি বেগম ভবিষ্যতেও তাঁদের পাশে থাকবেন।
Comments are closed.







