

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানে স্টাফ (বাবু) পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, স্বজনপ্রীতি ও অস্বচ্ছতার অভিযোগ তুলে ক্ষুব্ধ বাগানের শিক্ষিত শ্রমিক যুবকরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। একইসঙ্গে নিয়োগ প্রক্রিয়া ও ফলাফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদনও করা হয়েছে।
অভিযোগে বলা হয়, চাতলাপুর চা বাগানে স্টাফ (বাবু) পদে নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কর্মরত ও শিক্ষিত শ্রমিক পরিবারের সদস্যদের উপেক্ষা করে গোপনে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, স্বচ্ছ পরীক্ষা গ্রহণ এবং যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
লিখিত অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুন মাসে বাগানের শিক্ষিত শ্রমিক যুবকরা চাকরির জন্য আবেদন করেন। পরবর্তীতে ২০২৫ সালের ৪ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকায় এবং পরীক্ষার ফলাফল নিয়ে প্রশ্ন ওঠায় বাগানের শ্রমিক পরিবারের আবেদনকারীরা ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে, নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে রাজিব যাদব ও অন্যান্য আবেদনকারী বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং-৬৫৮৯/২০২৬ দায়ের করেছেন। রিটে চাতলাপুর চা বাগানের স্টাফ (বাবু) পদে নিয়োগ প্রক্রিয়া, পরীক্ষা ও ফলাফলকে চ্যালেঞ্জ করা হয়েছে।
রিট আবেদনকারীদের আইনজীবীর দেওয়া সনদ অনুযায়ী, মামলাটি বর্তমানে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাস্টিস ফাহমিদ কাদের এবং মো. আশীষ হাসান সমন্বয়ে গঠিত বেঞ্চে বিচারাধীন রয়েছে। আদালতে বিষয়টি শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে।
আবেদনকারীদের দাবি, বাগানের সকল শূন্য পদে উন্মুক্ত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়োগ বোর্ড পুনর্গঠন করে বিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্য প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
এ বিষয়ে অভিযোগকারী রাজিব যাদব বলেন, “বাগানের শিক্ষিত শ্রমিক পরিবারের সন্তানদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমরা প্রশাসন ও আদালতের দ্বারস্থ হয়েছি। আমরা একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া চাই।
তবে অভিযোগের বিষয়ে চাতলাপুর চা
বাগান কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানদিজা আক্তার বলেন, “আমি নতুন এসেছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত এখনও অবগত নই। অভিযোগের কপি পেলে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পর্যালোচনা করে বিষয়টি দেখা হবে।
Comments are closed.







