

আব্দুল বাছিত খানঃ
মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এমপি’র পুত্র কৃষিবিদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের খয়রুন নেছা সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) দুপুর ১টায় মাদ্রাসার কনফারেন্স হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ফয়সল আহমদের সভাপতিত্বে এবং সাবেক সুপার নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ মুঈদ আশিক চিশতী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুনায়েদ আব্বাসী দিনার, কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমদ জুলি, যুবদল নেতা মুন্না চৌধুরী, মাদ্রাসার সহকারী শিক্ষক মেহেদী হাসান মুরাদ ও সৈয়দ আজহারুল ইসলাম, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের খয়রুন নেছা সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার সহকারী হাফেজ মুহিবুল ইসলাম, হরিশ্বরন ফুরকানিয়া জামে মসজিদ দারুল কিরাত শাখার সহকারী সুহেল আহমদ, জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি শায়েক আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
Leave a Reply