

কখনও কখনও জীবনটা খুব ভারী মনে হয়
যে ভার বয়ে বেড়াচ্ছি বহুদিন
বুঝতে পারি না — কীভাবে শুরুটা করেছিলাম
কিংবা শেষটায় কী হবে জীবনের —
এসব ভেবে শামুকের মতো নিজেকে গুটিয়ে ফেলি।
অনেক কথাই তো বলতে ইচ্ছে করে
পারি না — সে-ও এক বোঝা বয়ে নিয়ে চলা,
বাইরে থেকে সেই চাপা কষ্ট কেউ বোঝে না
যে কথা কাউকে বলতে পারি না
কারো সাথে ভাগাভাগিও করে নিতে পারি না
তখন ভেতরে ভেতরে যন্ত্রণা কুরে কুরে খায়,
কঠিন বাস্তবতা যখন জীবনকে চিনিয়ে দেয়
বুঝতে পারি — কষ্ট মানে থেমে যাওয়া নয়
বরং মাটি কামড়ে আগামীর পথে চলা
হয়তো জীবনের সার্থকতা এ’ পথেই আসবে
দুঃখটাও সুখ হয়ে ভরে উঠবে এ ঘর এ সংসার।
লিখেছেন,মো: বদরুল ইসলাম
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।








Leave a Reply
You must be logged in to post a comment.