

পঞ্চগড় প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ঘুরতে বের হয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে৷
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার পৌরসভার নতুনবন্দর এলাকায় আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ওই দুই মোটরসাইকেল আরোহীর নাম সাব্বির হোসেন (১৬) ও কাউছার আলী। তাদের মধ্যে সাব্বির কালিগঞ্জ ইউনিয়নের লোহাগারা শুপাড়িতোলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও কাউছার একই এলাকার বাসেত আলীর ছেলে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। অপরদিকে আহতদের পরিচয় জানা যায় নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ি থেকে ভাতিজা কাউছারকে মোটরসাইকেলে নিয়ে ঘুরতে বের হয় সাব্বির। একসময় দেবীগঞ্জ বাজার থেকে আরও একজনকে সাথে নিয়ে তিনজনে সোনাহার বাজারের দিকে যাচ্ছিলো। যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তিন আরোহীর অপর একটি মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় কাউছার। এদিকে দুই মোটরসাইকেলের অপর ৫ আরোহীদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেলে নেয়া হয়। সেখানেই মারা যায় সাব্বির।
দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।








Leave a Reply
You must be logged in to post a comment.