

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার জুড়ীতে চোরাই গরু ও ৬ পিস ইয়াবাসহ আফতাফুর রহমান কটাই (২৩) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার ৮ মার্চ বিকেলে জুড়ী উপজেলার কামিনীগঞ্জ লামাবাজার নামক এলাকার গরুর হাট থেকে আলতাফুরকে আটক করে পুলিশ।
জুড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার বিকেলে জুড়ী থানা পুলিশের কাছে সংবাদ আসে যে স্থানীয় লোকজন কামিনীগঞ্জ লামাবাজারের গরুর হাটে চোরাই গরুসহ একজনকে আটক করেছে। পরবর্তিতে সেখানে জুড়ী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ মিয়া ঘটনাস্থলে গিয়ে ওই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শেষে চোরাই গরু জব্দ করেন।
এ সময় আটককৃত আফতাফুর রহমান কটাইর দেহ তল্লাশী করে তার পরনের প্যান্টের পকেট থেকে একটি নীল রঙের পলিথিনের ভেতর থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আফতাফুর রহমান উপজেলার রানীমুড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে পেনাল কোডের ৩৭৯ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় জুড়ী থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।








Leave a Reply
You must be logged in to post a comment.