

অগ্রযাত্রা সংবাদ ঃ
সিলেটের সুরমা গেইট এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশকে ভর্ৎসনা করে ফেসবুকে লাইভ দিয়ে ভাইরাল হওয়া সেই ভুয়া সাংবাদিক ফয়সল কাদিরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ৯)।
বুধবার রাত সাড়ে ১২ টার দিকে পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় শহরতলীর পীরের বাজার এলাকা থেকে র্যাব-৯ ব্যাটেলিয়ানের একটি দল তাকে গ্রেপ্তার করে।
এর আগে গত ৯ জুলাই সিলেট মহানগরীর সুরমা গেইট এলাকায় সড়ক পরিবহন আইন অমান্য করায় মোটর সাইকেল আটকের পর ট্রাফিক সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়াকে হুমকি-ধামকিসহ নানা অপপ্রচার চালিয়ে ‘পিকে টিভি’ নামে ফেসবুক পেইজে লাইভ করে সাংবাদিক পরিচয় দেয়া ফয়সল কাদির। যা কয়েকঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপর থেকে সমালোচনার মুখে পড়ে ভুয়া সাংবাদিক ফয়সল কাদির।
এ ঘটনায় রোববার (১১ জুলাই) রাতে সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া বাদি হয়ে ফয়ছল কাদিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাহপরান থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ০৫, তাং- ১১/০৭/২০২১খ্রি.।
মামলায় বাদি ফয়ছল কাদিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য সরাসরি প্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টি ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগ আনেন।
পুলিশ জানায়- গত ০৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুরমা গেইট এলাকায় সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া চেকপোস্টে ডিউটি থাকাকালীন শহরমুখী হেলমেটবিহীন ৩ জন আরোহীসহ একটি রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেলকে থামিয়ে চালক ফয়ছল কাদিরের কাছে গাড়ির কাগজপত্র এবং হেলমেটবিহীন মোটরসাইকেলে আরোহন করার কারণ জানতে চাইলে সে কোন বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। বরং সে নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। এবং তাৎক্ষনিক ফয়ছল কাদির ফেসবুকে বিভিন্ন মিথ্যা তথ্য সরাসরি প্রচার করে অস্থিরতা, বিশৃঙ্খলা সৃষ্টি ও আইন- শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে।
এ অবস্থায় সার্জেন্ট রেজিষ্ট্রেশনবিহীন বাইক চালানোর অপরাধে সড়ক পরিবহন আইনে মামলা এবং মোটর সাইকেলটি পুলিশ লাইন্সে প্রেরণ করেন।








Leave a Reply
You must be logged in to post a comment.