

নিজস্ব প্রতিবেদকঃ যোহরের নামাজের আগেই হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে ফুলতলীর বালাই হাওর এলাকা। সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনে করে আশিকান ও ভক্তরা দলে দলে উপস্থিত হচ্ছেন ফুলতলী ছাহেববাড়ির ঐতিহ্যবাহী ঈসালে সাওয়াব মাহফিলে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের আগেই মূল মণ্ডল ছাড়িয়ে হাওরের বিস্তীর্ণ এলাকায় অবস্থান নিয়েছেন আগত মুসল্লিরা।শামসুল উলামা, হাদিয়ে যামান, রঈসুল কুররা ওয়াল মুহাদ্দিসীন সুলতানুল আরিফিন, মুর্শিদুনাল হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেব কিবলা ফুলতলী (রহ.)-এর ১৮তম ওফাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই ঈসালে সাওয়াব মাহফিল সকাল থেকেই ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।
সকাল ১০টায় আল্লামা ফুলতলী (রহ.)-এর মাযার যিয়ারতের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে খতমে কুরআন ও দোয়ার মাধ্যমে মূল অনুষ্ঠান সূচিত হয়। মাহফিলে খতমে বুখারী, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, যিকির মাহফিল, নসিহতমূলক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে।
মাহফিলকে কেন্দ্র করে রতনগঞ্জ বাজারসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক যানবাহনের সমাগম ঘটেছে। এতে বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হলেও স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। গভীর ধর্মীয় আবহ ও শান্তিপূর্ণ পরিবেশে দিনব্যাপী ঈসালে সাওয়াব মাহফিল চলমান রয়েছে।
Leave a Reply