
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিদেশ সংক্রান্ত পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক নারী ও তার নাতিকে মারধরের চেষ্টা, বসতঘরে ঢিল ছোড়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পারভীন বেগম (৪৩) নামে এক নারী গত শনিবার ২৯ আগস্ট কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী পারভীন বেগম কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকার বাসিন্দা। অভিযোগে তিনি মনির মিয়া (৩০), সেলিম মিয়া (৬০) ও মানিক মিয়া (৪৫)-কে অভিযুক্ত করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিদেশ সংক্রান্ত পাওনা টাকা নিয়ে অভিযোগকারীর সঙ্গে অভিযুক্তদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৮ আগস্ট ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অভিযোগকারীর নাতি মিন্টু মিয়া কালেঙ্গা বাজারে একটি মুদির দোকানের সামনে অভিযুক্ত মনির মিয়ার কাছে পাওনা টাকা চাইতে যান। এ সময় অভিযুক্তরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের জন্য উদ্যত হলে আশপাশের লোকজন তাকে রক্ষা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, ওই ঘটনার পর রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে অভিযুক্তরা পারভীন বেগমের বসতবাড়িতে গিয়ে তাকে ও তার নাতিকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং বসতঘরে ঢিল ছুড়তে থাকেন। এ সময় প্রাণভয়ে তারা ঘরের দরজা বন্ধ করে নিরাপদে থাকার চেষ্টা করেন। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যান বলে অভিযোগকারীর দাবি।
পারভীন বেগমের অভিযোগ, পরবর্তীতে অভিযুক্তরা সুযোগ পেলে তাকে ও তার নাতিকে প্রাণে হত্যার হুমকি দেন। এ ঘটনায় অভিযোগকারী পারভীন বেগম অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন।
অভিযুক্ত মনির মিয়া সাংবাদিকদের কাছে তাকে মারধোর করার কথা জানান।
স্থানীয় ইউপি সদস্য শাহান পারভেজ শিপন জানান, বিষয় আমি চেষ্টা করেছি মীমাংসা করার জন্য পারিনি,এলাকার শান্তি শৃংখলা রক্ষায় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আবারো মীমাংসা করার চেষ্টা করবো।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল জানান,লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে।