

আব্দুল বাছিত খান:
মৌলভীবাজারের রাজনগরে বন্যাকবলিত অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সিলেট রেঞ্জ পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার একামধু বেড়িবাঁধ এলাকায় সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নেতৃত্বে দুর্গত মানুষের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সাথে বন্যা পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সেখানে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এ সময় বন্যাকবলিত ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের হাতে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। শুধু খাদ্য সহায়তাই নয়, বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়া, চর্মরোগ ও পানিবাহিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। জেলা পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসকদের সরাসরি তত্ত্বাবধানে এই মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হয়। ক্যাম্প থেকে বন্যাদুর্গতদের বিনামূল্যে জরুরি চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বলেন "যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের একটি অন্যতম মানবিক দায়িত্ব। বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে সিলেট রেঞ্জ পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এই মানবিক ও চিকিৎসা সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"