
নিজস্ব প্রতিবেদক: লাভলী সিনহার কণ্ঠে ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’ বিশ্বকবির সৃষ্টিকে পৌঁছে দিল নতুন ভাষার শ্রোতাদের কাছে
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা হয়েছে। প্রথমবারের মতো বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় অনূদিত রবীন্দ্র সংগীতের একটি মিউজিক ভিডিও দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছে। সংগীতশিল্পী লাভলী সিনহার কণ্ঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান “আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে”-এর বিষ্ণুপ্রিয়া মণিপুরী রূপ “মর ঠৈগরমা তি পলেয়া সিলে” গত ২৫শে বৈশাখ Green TV-তে সম্প্রচারিত হয়। পরে গানটি Lovely Music World-এর ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হলে দেশ-বিদেশের দর্শক-শ্রোতাদের কাছ থেকেও ব্যাপক সাড়া পাওয়া যায়।
এ উদ্যোগ কেবল একটি সংগীত প্রকাশ নয়; এটি বাংলাদেশের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাভাষী জনগোষ্ঠীর সাংস্কৃতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। মাতৃভাষায় রবীন্দ্র সংগীত পরিবেশনের মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিরন্তন সৃষ্টি নতুন এক ভাষিক ও সাংস্কৃতিক পরিসরে পৌঁছে গেছে। এর ফলে রবীন্দ্রচর্চা যেমন সমৃদ্ধ হবে, তেমনি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা ও সংস্কৃতিও নতুন পরিচিতি লাভ করবে।
লাভলী সিনহা সংগীতের প্রতি আন্তরিকতা ও সাংস্কৃতিক দায়বদ্ধতার সঙ্গে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় রবীন্দ্রসংগীত চর্চাকে আরও একধাপ এগিয়ে নিয়েছেন। তাঁর এই প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মকে মাতৃভাষাভিত্তিক সাহিত্য ও সংগীতচর্চায় অনুপ্রাণিত করবে—এমন প্রত্যাশা সবার।
এই সাফল্যের পেছনে আরেকজন মানুষের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি কবি ও চা-বাগান ব্যবস্থাপক বিকাশ সিংহ। তাঁর নিরলস পরিকল্পনা, গবেষণা ও সৃজনশীল প্রচেষ্টায় লাভলী সিনহার কণ্ঠে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় একের পর এক মৌলিক ও অনূদিত গান প্রকাশিত হচ্ছে। তাঁদের সম্মিলিত উদ্যোগ ভবিষ্যতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা, সাহিত্য ও সংগীতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সুপরিচিত করবে—এমন প্রত্যাশা সাংস্কৃতিক অঙ্গনের।
বি এম সি টিভি মিডিয়ার মনে করছে সাংস্কৃতিক অভিযাত্রার সহযাত্রী কবি ও চা-বাগান ব্যবস্থাপক বিকাশ সিংহের আন্তরিক প্রয়াসে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা ও সংস্কৃতির বিকাশে দীর্ঘস্থায়ী অবদান রাখবে।