

নিজস্ব প্রতিবেদকঃ
ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করতে আগামীকাল বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে এখন উৎসবের আমেজ এবং চলছে ব্যাপক প্রস্তুতি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি প্রকাশ করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার মৌলভীবাজার জেলা সফর করবেন। দিনব্যাপী এই সফরে তাঁর প্রধান কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে:
শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কর্মসূচির পর তিনি স্থানীয় ‘দুসাই রিসোর্টে’ আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল প্রশাসন এবং পৌরসভাগুলো সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। পুরো এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা।
মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়ক এবং সিলেট-মৌলভীবাজার সড়কের দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে। জেলা সার্কিট হাউজ ধুয়ে-মুছে প্রস্তুত করা হয়েছে। জেলা শহর ও শ্রীমঙ্গল শহরের ফুটপাতগুলো দখলমুক্ত করে পরিচ্ছন্ন রূপ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর যাতায়াতের পথগুলো সংস্কার ও মেরামত করা হচ্ছে। সমাবেশের সম্ভাব্য স্থান হিসেবে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কার করে মঞ্চ তৈরির কাজ পুরোদমে চলছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান:"প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।" প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। শহর ও গ্রামের তৃণমূল পর্যায়ে বইছে উৎসবের হাওয়া।