
মৌলভীবাজার প্রতিনিধিঃ ইসলামী ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের আয়োজনে আজ ২৩ মে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে শ্রেষ্ঠ ইমাম ২০২৫-২৬ প্রতিযোগিতায় মৌলভীবাজারের শ্যামেরকোনা বড়বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ “শ্রেষ্ঠ ইমাম” হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন। এর আগে তিনি উপজেলা ও জেলা পর্যায়েও প্রথম স্থান অর্জন করেন। সর্বশেষ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন।
অসংখ্য প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় তিনি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তিনি তাঁর এ অর্জনের পেছনে মা-বাবার দোয়া, ভালোবাসা ও ত্যাগকে সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান প্রিয় শিক্ষক জুলফিকার আলী বাবুলের প্রতি। তাঁর দিকনির্দেশনা, উৎসাহ ও আন্তরিক সহযোগিতা এই সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি।
এছাড়াও তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাঁর পীর-মুর্শিদ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাকে। তাঁর প্রতিষ্ঠিত দারুল ক্বিরাতে অধ্যয়নের মাধ্যমে তিলাওয়াতে দক্ষতা অর্জন করায় প্রতিযোগিতায় উচ্চ নম্বর পেতে সহায়ক হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আজকের সম্মাননা অনুষ্ঠানে বিজয়ীর হাতে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট ইমরান আহমদ, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক এবং সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির মহাপরিচালক।
জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ সকলের কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, “জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আরও কঠিন হবে। তবে সবার দোয়া ও সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ ভালো ফলাফল অর্জন সম্ভব হবে এবং ভবিষ্যতেও দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”