
আব্দুল বাছিত খানঃ
বসন্তের আগমনে প্রকৃতি যখন নতুন সাজে সজ্জিত, তখনই দেবী শক্তির আরাধনায় মেতেছে দেবীপুর দেবালয়। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে ২০তম শ্রীশ্রী বাসন্তী পূজা। এ বছর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের দেবীপুর দেবালয়ের পূজা ২০ বছরে পদার্পণ করায় আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। ২৪ মার্চ মঙ্গলবার ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে উৎসবের সূচনা ঘটে এবং মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমী ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় লক্ষাধিক এর উপরে ভক্তদের আগমন ঘটে। মন্দিরের সাজসজ্জা এবং প্রতিমার শৈল্পিক রূপ দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করছে। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দশক পূর্তি উপলক্ষ্যে এবারে বিশেষ আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। দেবীপুর সার্বজনীন দেবালয়ের সভাপতি শ্রী সত্যেন্দ্র কুমার পাল নান্টু বলেন, "বিগত ২০ বছর ধরে আমরা এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় এই পূজা করে আসছি। বাসন্তী দেবী সবার মঙ্গল করুন এবং সমাজে শান্তি বজায় থাকুক এটাই আমাদের প্রার্থনা।" পুষ্পাঞ্জলি ও ভোগ আরতি প্রতিদিন সকালে ভক্তদের পুষ্পাঞ্জলি এবং দুপুরে প্রসাদ বিতরণ করা হয়েছে।
স্থানীয় ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে ভজন ও ধামাইল কীর্তন পরিবেশনা করা হয়। পূজা উপলক্ষে লক্ষাধিক এর উপরে ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রশাসন, রাজনৈতিক দল, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেবালয়কে কেন্দ্র করে আশেপাশে ছোটখাটো মেলা বসেছে। স্থানীয় বাসিন্দাদের এই বাসন্তী পূজাকে ঘিরে দেবীপুরে প্রাণের আমেজ বিরাজ করে। জাতি-ধর্ম নির্বিশেষে সবাই এই উৎসবে শামিল হয়েছেন। ২৮ মার্চ শনিবার দশমীতে বিকাল ৩টায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে।