
আব্দুল বাছিত খান:
বিশুদ্ধ খাদ্য আদালতে “বেঙ্গল সুইট ফুড প্রতিষ্ঠানকে ১৬ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ল্যাবরেটরী পরীক্ষার মাধ্যমে জিলাপীতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্তের পরিপ্রেক্ষিতে, এ দন্ড ও জরিমানা প্রদান করা হয়। গত ২৩ ফেব্রুয়ারী-২০২৬ইং,মামলার ধারাবাহিক শুনানি শেষে বিজ্ঞ আদালত (বিশুদ্ধ খাদ্য আদালত) 'নিরাপদ খাদ্য আইন-২০১৩' এর দুটি ধারায় এ জরিমানা ও দন্ড প্রদান করেন। জানা গেছে- বিগত ২৮/০৮/২০২৫ইং, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের, মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী বাদী হয়ে “বেঙ্গল সুইট ফুড” প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালত, মৌলভীবাজার এ মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে গত ২৩ ফেব্রুয়ারী এর রায় প্রদান করেন। এ বিষয়ে জানতে চাইলে, বাংলাদেশ নিরপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজার জেলা কার্যালয় এর অফিসার (অ.দা.) মো: শাকিব হোসাইন সত্যতা স্বীকার করে বলেন- হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য, যা খাদ্য উৎপাদনে ব্যবহার 'খাদ্য-সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭' অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ এবং 'নিরাপদ খাদ্য আইন-২০১৩' অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। হাইড্রোজ যুক্ত খাবার গ্রহণের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ বিশেষ করে কিডনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এছাড়াও পাকস্থলীর ক্যান্সার, পেটের পীড়া ও আলসার, মানব দেহের বিভিন্ন হরমোনের কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বদ্ধপরিকর। ভেজাল ও ক্ষতিকারক উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। জনসাধারণকে নিরাপদ খাদ্য সংক্রান্ত যেকোনো অভিযোগ (১৬১৫৫) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য তিনি অনুরোধ জানান।